Wednesday, July 26, 2017

বিজ্ঞাপনের জোয়ারে আয় বেড়েছে ফেসবুকের



ফেসবুকচলতি বছরে যেন সাফল্যের জোয়ারে ভাসছে ফেসবুক। সম্প্রতি ২০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছাড়িয়েছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম। বছরের এখন পর্যন্ত পুঁজিবাজারেও বেশ স্থিতিশীল আছে দরদাম। তার ওপর বিভিন্ন রকমের বিজ্ঞাপনে এবার আয়ও ব্যাপক বেড়েছে ফেসবুকের।

গতকাল বুধবার চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আয় ও মুনাফার তথ্য জানিয়েছে ফেসবুক। এতে দেখা গেছে, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে আয় ও নিট মুনাফা দুটোই বেড়েছে কোম্পানিটির। এ সময়ে আয় হয়েছে ৯৩০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৫ শতাংশ বেশি। এ ছাড়া গত বছরের এই সময়ের চেয়ে নিট মুনাফা বেড়েছে ৭১ শতাংশ, হয়েছে ৩৯০ কোটি ডলার।

লাভজনক এই অবস্থানে পৌঁছানোর অন্যতম কারণ বিজ্ঞাপন থেকে ব্যাপক আয়। কোম্পানিটি বলছে, দ্বিতীয় প্রান্তিকে মোবাইল বিজ্ঞাপন থেকে ফেসবুকের আয় হয়েছে ৯১০ কোটি ডলার, যা মোট আয়ের ৮৭ শতাংশ।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এক বিবৃতিতে বলেন, ‘বছরের দ্বিতীয় প্রান্তিক ও প্রথম অর্ধেক সময় বেশ ভালো গেল আমাদের।’
প্রতি মাসে ২০০ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে; তাই বিজ্ঞাপনদাতাদের জন্য এখন সবচেয়ে আকর্ষণের স্থান হচ্ছে ফেসবুক। নতুন পরিকল্পনা অনুযায়ী সাইটে এখন আরও বিজ্ঞাপন দেবে ফেসবুক। এ ছাড়া কীভাবে আরও ব্যবহারকারীর সংখ্যা বাড়ানো যায়, তাও ভাবা হচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেরিল স্যান্ডবার্গ বলেন, বর্তমানে ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ড বৈচিত্র্যমূলক বিজ্ঞাপন দিচ্ছে। যেমন ট্রপিক্যাল এখন ছয় সেকেন্ডের বিজ্ঞাপন দিচ্ছে। দীর্ঘ বিজ্ঞাপনের চেয়ে ছোট বিজ্ঞাপনই লাভজনক বলে ভাবছে তারা।
বর্তমানে ফেসবুকের কর্মীর সংখ্যা সাড়ে ২০ হাজারেরও বেশি, যা গত বছরের এই সময়ের চেয়ে ৪৩ শতাংশ বেশি।
সূত্র: বিবিসি অনলাইন

Wednesday, July 19, 2017

চালু হলো সামাজিক যোগাযোগের অ্যাপ টেলভো



‘টেলভোতে বলব’ এই স্লোগানে গত বৃহস্পতিবার চালু হয়েছে সামাজিক যোগাযোগের দেশীয় অ্যাপ টেলভো। মাইক্রোট্রেডের সহ-প্রতিষ্ঠান ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ এই অ্যাপ বানিয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে টেলভো ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যাবে।’
ইনভেরিয়েন্ট টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক এস এম জমিস উদ্দিন চিশতী বলেন, ‘বিশ্বে প্রচলিত অ্যাপগুলোর যেসব সীমাবদ্ধতা আছে, সেসব সীমাবদ্ধতার সমাধানে টেলভো অ্যাপ আনা হয়েছে।’ অনুষ্ঠানে জানানো হয়, এই অ্যাপের উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে ডায়াল প্যাড কলিং, গ্রুপ ভিডিও কল, কল ওয়েটিং সার্ভিস, একাধিক নম্বর নিবন্ধন ইত্যাদি।
নামানোর ঠিকানা: গুগল প্লেস্টোর: https://goo.gl/F6jKf1।
বিজ্ঞ
প্তি

বাজারে এসেছে কিউএলইডি প্রযুক্তির গেমিং মনিটর



বাজারে সি২৪এফজি৭০ এবং সি২৭এফজি৭০ মডেলের দুটি কিউএলইডি গেমিং মনিটর এনেছে স্যামসাং ইলেকট্রনিকস। গতকাল মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে মনিটর দুটি বাজারে ছাড়ার ঘোষণা দেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন। এ সময় তিনি বলেন, গেম খেলার সময় প্রতিটি অংশের অভিজ্ঞতা অর্জনের জন্য গেমাররা (গেম খেলোয়াড়) মনিটরে উন্নত প্রযুক্তি প্রত্যাশা করেন। আমি নিশ্চিত গেমিং জগতে মনিটর দুটি নতুন ধারা তৈরি করবে। অনুষ্ঠানে স্যামসাংয়ের কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের প্রধান ফিরোজ মোহাম্মদ এবং প্রযুক্তি পণ্যটির দেশীয় পরিবেশক স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এতে বক্তৃতা করেন।
এতে দাবি করা হয়, ১৮০০ আর ব্যাসার্ধ নিয়ে মনিটর দুটি বিশ্বের সবচেয়ে বেশি কার্ভড মনিটর। এতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১ এমএস রেসপন্স টাইম সুবিধা। সি২৪এফজি৭০ ও সি২৭এফজি৭০—মনিটর দুটির দাম ৩৮ হাজার ৫০০ এবং ৪৯ হাজার ৫০০ টাকা।

দেশের বাজারে শক্তিশালী গেমিং ল্যাপটপ




গেম খেলার উপযোগী আসুসের শক্তিশালী ল্যাপটপ কম্পিউটার আরওজি জিএক্স ৮০০ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। গতকাল মঙ্গলবার রাজধানীর গ্লোবাল ব্র্যান্ড কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ল্যাপটপ দেশের বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।
রিপাবলিক অব গেমার সিরিজের এই নোটবুক কম্পিউটারে রয়েছে ১৬ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৮০ গ্রাফিকস কার্ড, কোর আই-৭ প্রসেসর এবং ৬৪ গিগাবাইট ডিডিআর ৪ র‍্যাম। এতে আরও আছে ১.৫ টেরাবাইট ধারণক্ষমতার এসএসডি। লিকুইড হাইড্রো কুলিং ব্যবস্থা ব্যবহার করা হয়েছে এতে। ফোরকে ইউএইচডি গেমিং সমর্থিত এই ল্যাপটপের পর্দা ১৮.৪ ইঞ্চি। এর দাম রাখা হচ্ছে ৬ লাখ ৩০ হাজার টাকা। সংবাদ সম্মেলনে এই ল্যাপটপের বিস্তারিত তুলে ধরেন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার।
বিজ্ঞ
প্তি

মাউস দিয়েই একাধিক ফাইল নির্বাচন



উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিভিন্ন ফাইল থেকে একাধিক নির্দিষ্ট ফাইল নির্বাচন করতে চাইলে কি-বোর্ডের CTRL কি চেপে ধরে এবং পরে পছন্দের ফাইলের ওপর ক্লিক করতে হয়। কিন্তু উইন্ডোজ ৭ এবং তারপরের বাকি সব অপারেটিং সিস্টেম থেকে CTRL কি ছাড়াই মাউস দিয়েই একাধিক ফাইল সিলেক্ট করতে পারবেন।
যা করবেন: কাজটি সহজে করতে চাইলে Computer এ গিয়ে Organize থেকে Folder Option-এ ক্লিক করুন। অর্গানাইজার খুলে গেলে View ট্যাব থেকে Use check boxes to select items-এ টিক চিহ্ন দিন। তাহলে প্রতিটি ফাইলের পাশে আলাদা চেক বক্স দেখা যাবে। এবার যে যে ফাইল দরকার তার বাম পাশে টিক চিহ্ন দিলেই ওই ফাইল নির্বাচন সম্পন্ন হবে এবং প্রয়োজনে সেটিকে কপি বা সরানোও যাবে

বার্তা পাঠানোর অ্যাপ আনছে অ্যামাজন


অনলাইনে বেচাকেনার ওয়েবসাইটভিত্তিক অ্যামাজন এবার ‘এনিটাইম’ নামে বার্তা আদান-প্রদানের (মেসেজিং) অ্যাপ তৈরি করছে। বর্তমানের মেসেজিং অ্যাপগুলোর সব সুবিধা থাকছে এনিটাইমে। এনিটাইমে যুক্ত হতে ফোন নম্বরের প্রয়োজন পড়বে না। এ ছাড়া এর সব তথ্য হাতের যন্ত্রের বদলে জমা হবে ক্লাউডে। বার্তা পাঠানোর পাশাপাশি থাকছে উচ্চমানের অডিও ও ভিডিও কল করার সুবিধা। থাকছে ছবি, ভিডিও, জিআইএফ ছবি কিংবা ইমোজি ও স্টিকার পাঠানোর সুবিধাও।
এই অ্যাপে নিরাপত্তার বিষয়েও জোর দেওয়া হয়েছে। চ্যাট এনক্রিপশনসহ ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের সুবিধাও থাকছে এনিটাইম অ্যাপে। এতে গেমও খেলা যাবে যোগাযোগকারীর সঙ্গে। থাকছে লেখা রঙিন করাসহ ছবি বা ভিডিওতে বিভিন্ন আবহ জুড়ে দেওয়ার সুবিধাও। আইফোনের নতুন আইওএস ১১ সংস্করণের আই মেসেজের মতো এনিটাইমেও কোনো কিছুর দাম মেটানোর সুবিধা থাকছে। অনলাইনভিত্তিক ব্যবসায়ীদের জন্য থাকছে আলাদা চ্যাটিং সুবিধা, যেখানে দ্রুত স্বয়ংক্রিয় বার্তা প্রেরণসহ পণ্য বেচাকেনাও করা যাবে। এনিটাইম ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড, আইফোন এবং উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে।
নতুন মেসেজিং অ্যাপ নিয়ে অ্যামাজন অবশ্য এখনো কিছু জানায়নি। মেসেজিং অ্যাপে ব্যবহারকারী কী কী সুবিধা চায়, এ নিয়ে অ্যামাজন ব্যবহারকারীদের মধ্যে একটি জরিপ চালিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এনিটাইম উন্মোচন করা হলে এটিই অ্যামাজনের প্রথম মেসেজিং অ্যাপ হবে তা নয়। চলতি বছরের শুরুর দিকে ব্যবসায়ী গ্রাহকদের জন্য চাইম নামের সেবা তৈরি করে অ্যামাজন।